Skip to main content

Ridge Bangla

‘পয়জন বেবি’ নিয়ে আলোচনায় মালাইকা-রাশমিকা

বলিউডের আলোচিত সিনেমা ‘থাম্মা’-র নতুন আইটেম গান ‘পয়জন বেবি’ ইতিমধ্যেই দর্শক ও নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে গেছে। গানটিতে নাচের তালে তালে ঝড় তুলেছেন ৫২ বছর বয়সী বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। এই আইটেম গানের সঙ্গে রয়েছেন সিনেমার নায়িকা রাশমিকা মান্দানা।

গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অমিতাভ ভট্টাচার্য, কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমার। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর জুটি। গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা, যেখানে মালাইকার নজরকাড়া পারফরম্যান্সকে বিশেষভাবে প্রশংসা করা হয়েছে।

দর্শকরা বলছেন, মালাইকার বয়স যেন শুধু একটি সংখ্যা—‘পয়জন বেবি’ গানে তার নাচ ও গ্ল্যামার নতুন প্রজন্মের অনেককেই পেছনে ফেলেছে। নেটিজেনরা মনে করছেন, রাশমিকা মান্দানার পারফরম্যান্স তুলনায় কিছুটা ম্লান। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “রাশমিকা এবং মালাইকা অরোর নাচ ফাটাফাটি, তবে মালাইকা এগিয়ে রয়েছেন।”

‘থাম্মা’ সিনেমার পরিচালনা করেছেন আদিত্য সরপোদ্দার। এটি ম্যাডকের হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম কিস্তি। এর আগে এই ইউনিভার্সের অংশ হিসেবে মুক্তি পেয়েছে ‘স্ত্রী’ (২০১৮), ‘ভেদিয়া’ (২০২২), ‘মুঞ্জিয়া’ এবং ‘স্ত্রী ২’ (২০২৪)। দীনেশ ভিজান ও অমর কৌশিক প্রযোজিত এই সিনেমাটি ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রকাশিত ‘পয়জন বেবি’ গানটি সিনেমার প্রমোশন এবং দর্শকের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

This post was viewed: 69

আরো পড়ুন