Skip to main content

Ridge Bangla

পতেঙ্গাকে বিশ্বমানের পর্যটন স্পট করার ঘোষণা মেয়র শাহাদাতের

পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও জেলা প্রশাসন। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পতেঙ্গা সৈকতকে পরিচ্ছন্ন, আলোকিত ও নিরাপদ করে আন্তর্জাতিক পর্যটন স্পটে রূপান্তর করা হবে।

রোববার (১৫ জুন) সৈকতের বেড়িবাঁধ এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদের পর পরিবেশ সরেজমিনে পরিদর্শনে যান মেয়র। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সৈকতের আশপাশে গড়ে ওঠা এসব দোকান মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছিল এবং সেখানে বিক্রি হওয়া অস্বাস্থ্যকর খাবার পর্যটকদের বিরক্তির কারণ হচ্ছিল। এতে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যও নষ্ট হচ্ছিল।

মেয়র জানান, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সৈকত এলাকাকে উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে কেউ বেআইনিভাবে জায়গা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি আশ্বস্ত করেন, এই অভিযান কোনো ব্যক্তির জীবিকাকে ধ্বংস করার উদ্দেশ্যে নয় বরং একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

তিনি আরও জানান, সৈকতের শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় চসিক সক্রিয়ভাবে কাজ করছে। পার্কিং, ঘোড়ার গাড়ি চলাচল এবং অননুমোদিত কার্যক্রম নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে ব্যবস্থা।

পতেঙ্গা সৈকতকে ‘নৈসর্গিক সম্পদ’ হিসেবে উল্লেখ করে মেয়র বলেন, “এখানে দেশি-বিদেশি পর্যটকেরা যেন ইতিবাচক অভিজ্ঞতা পান, তা নিশ্চিত করতে হবে।”

পরিদর্শনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. নুরুল করিম, চসিকের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পতেঙ্গা থানা-পুলিশের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পতেঙ্গা সৈকতের সার্বিক উন্নয়নে চসিক, সিডিএ ও জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে, যার মাধ্যমে চট্টগ্রামকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

This post was viewed: 44

আরো পড়ুন