Skip to main content

Ridge Bangla

পটুয়াখালীর এক ট্রলারে ধরা পড়ল ৬৫ মণ ইলিশ, দাম ৩৯ লাখ টাকা

পটুয়াখালীর কুয়াকাটার গভীর সমুদ্রে এক মাছ ধরার ট্রলারে ধরা পড়েছে ৬৫ মণ ইলিশ, যার বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৬০ হাজার টাকা। রোববার (১৩ জুলাই) দুপুরে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এনে মেসার্স খান ফিস আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

জানা গেছে, ‘এফবি সাদিয়া-২’ নামের ট্রলারটি গত ৯ জুলাই আলীপুর ঘাট থেকে ২৩ জন জেলে নিয়ে সমুদ্রে রওনা দেয়। শুক্র ও শনিবার কুয়াকাটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে গভীর সমুদ্রে জাল ফেলেই এই বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।

মাছগুলো ওজন অনুযায়ী তিনটি ভাগে বিক্রি করা হয়। এক কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকায়, ৬০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ৭০ হাজার টাকায় এবং ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৫৬ হাজার টাকায় বিক্রি হয়। এছাড়া অন্যান্য প্রজাতির মাছও বিক্রি হয় ১ লাখ ১৭ হাজার টাকায়। সব মিলিয়ে মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকা।

ট্রলারের মাঝি শাহাবুদ্দিন বলেন, “নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার কারণে বহুদিন লোকসান গুনেছি। এবার আল্লাহর রহমতে ভালো মাছ পেয়েছি।” আড়তের ম্যানেজার সাগর ইসলাম বলেন, “অনেকদিন পর জেলেদের মুখে হাসি ফিরেছে। আগের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে।”

কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “নিষেধাজ্ঞার সুফল আমরা পাচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে আরও বেশি ইলিশ ধরা পড়বে।”

This post was viewed: 61

আরো পড়ুন