Skip to main content

Ridge Bangla

পঞ্চগড়ে ছাগল ধরতে নেমে হিমালয়ান শকুন উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন বৃহস্পতিবার স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয়েছে। পাখিটিকে পরবর্তীতে দিনাজপুরের সিংড়া ফরেস্টে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান পাড়া এলাকার একটি কৃষিজমির পাশে ছাগল বাঁধা ছিল। ছাগল ধরার জন্য শকুনটি নিচে নামার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় এবং জমিতে রাখা জালের সঙ্গে আটকে পড়ে। পরে স্থানীয় কৃষক আক্কেল আলী ও তার ছেলে তারেক শকুনটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। খবর পেয়ে এলাকাবাসী দেবীগঞ্জ উপজেলা বন বিভাগকে অবহিত করে।

পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম জানান, উদ্ধারকৃত হিমালয়ান শকুনটির ওজন প্রায় ৯ কেজি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বন বিভাগের স্টাফরা দ্রুত পাখিটিকে নিরাপদ স্থানে নিয়ে এসেছে। শুক্রবার এটি দিনাজপুরের সিংড়া ফরেস্টে প্রেরণ করা হবে।

হিমালয়ান শকুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিকারি পাখি এবং এশিয়ার অন্যতম বড় শকুন প্রজাতি। ‘হিমালয়ান গৃধিনী’ নামেও পরিচিত এ প্রজাতি প্রধানত হিমালয় পর্বতমালা ও তিব্বতি মালভূমিতে বাস করে। শীতকালে (অক্টোবর থেকে মার্চ) ঠান্ডা ও খাবারের সন্ধানে এরা বাংলাদেশে পরিযায়ী হিসেবে আসে। দীর্ঘ যাত্রার সময় ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে অনেক সময় ধানক্ষেত বা লোকালয়ে পড়ে থাকতে দেখা যায়। এ ধরনের বিরল প্রজাতির শকুনের দেখা পাওয়ায় স্থানীয়রা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেছেন।

This post was viewed: 46

আরো পড়ুন