আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
সভায় তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রীচাপ বহুগুণে বৃদ্ধি পায়। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক ১৫ রমজান থেকে ঈদের পর তৃতীয় দিন পর্যন্ত যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। সদরঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।
নৌদুর্ঘটনা প্রতিরোধে আগামী ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড ও ডিঙি নৌকার চলাচল বন্ধ থাকবে। রাতের বেলায় স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনের বেলায় লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ১৭ থেকে ২৪ মার্চ পর্যন্ত জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে।
মন্ত্রী আরও জানান, অনুমোদিত ভাড়ার অতিরিক্ত আদায়, লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।