বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে দীর্ঘদিনের দাবিকৃত নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে গ্রিসে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগ নেয় “বৃহত্তর নোয়াখালী সমিতি ইন গ্রিস”, যারা প্রবাসে থেকেও মাতৃভূমির উন্নয়ন ও আঞ্চলিক ঐক্যের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
গত রোববার স্থানীয় সময় রাত ৮টায় গ্রিসের রাজধানী এথেন্সের ওমোনিয়া এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাফেজ আহমেদ, আর সঞ্চালনায় ছিলেন মাসুদ হোসেন রনি।
সভায় বক্তব্য দেন— শেখ কামরুল ইসলাম, এ কে এম ইকবাল, নুর আহমেদ, মাসুদ পাটোয়ারী, পেয়ার আহমেদ, মোহাম্মদ ইউসুফ, শাহজামাল রুবেল, সামসু সরকার, আতাউল গনি সুমন, আব্দুল আল মামুন, মোল্লা মো. সোহাগ, শামসুদ্দিন রিপন, মো. মনির হোসেন, মিজানুর রহমান সজিব ও বাবুল পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে একত্রে নিয়ে নোয়াখালী বিভাগ গঠন এখন সময়ের অপরিহার্য দাবি। বহু বছর ধরে এ দাবিটি দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা হিসেবে লালিত হয়ে আসছে।
তাঁরা আরও উল্লেখ করেন, প্রবাসে থেকেও নোয়াখালীবাসী সব সময় দেশের অগ্রগতি, সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐক্যের জন্য কাজ করে যাচ্ছেন। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন নতুন দিগন্ত উন্মোচন করবে।
শেষে “নোয়াখালী বিভাগ চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল, যা প্রবাসী নোয়াখালীবাসীর ঐক্য ও আবেগকে আরও জোরদার করে তোলে।