Ridge Bangla

নেপালে বিক্ষোভের জন্য স্বার্থান্বেষী মহলকে দায়ী করলেন প্রধানমন্ত্রী অলি

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি চলমান বিক্ষোভের জন্য বিভিন্ন স্বার্থান্বেষী মহলকে দায়ী করেছেন। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আন্দোলনের নামে কিছু ব্যক্তি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তার দাবি, সরকার দাবিগুলো মেনে নিলেও সহিংসতা থামছে না।

রাজধানী কাঠমান্ডুর বাণেশ্বরসহ বিভিন্ন এলাকায় সোমবার সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীরও পদত্যাগের দাবি উঠেছে।

প্রসঙ্গত, গত বছর নেপালের সুপ্রিম কোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নিবন্ধনের নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী সরকার ২৬টি প্ল্যাটফর্মের নিবন্ধনের সময়সীমা ঠিক করে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময় পার হলেও নিবন্ধন সম্পন্ন না হওয়ায় ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ সবগুলো প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এই নিষেধাজ্ঞা তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জি শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। তারা ৪ সেপ্টেম্বর থেকেই আন্দোলনের প্রস্তুতি নিলেও রোববার থেকে তা বিক্ষোভে রূপ নেয় এবং সোমবার সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে।

অবশেষে সোমবার রাতে জরুরি মন্ত্রিসভার বৈঠকে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এরপর প্রধানমন্ত্রী অলি বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “সরকার কখনো সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে ছিল না। শুধু আইন মেনে চলার আহ্বান জানিয়েছিলাম। সংঘর্ষে নিহতদের জন্য আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

This post was viewed: 45

আরো পড়ুন