Ridge Bangla

নীলফামারীতে নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

নীলফামারীতে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় ৭ মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) ভোর রাতে কিশোরগঞ্জ উপজেলা থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকা থেকে ১৫ থেকে ১৬ জন বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কিশোরগঞ্জ উপজেলার যুগিপাড়ায় যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে নববধূকে নিয়ে ফেরার পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু জীবন ইসলাম ও রিয়াদ ইসলামের মৃত্যু হয়। আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

This post was viewed: 4

আরো পড়ুন