বজ্রপাতে নিহত যুবকের কবর পাহারা দিচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের কবর ঘিরে এমন চাঞ্চল্যকর ঘটনা চলছে।
উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে আরাফাতের কবরের পাশে বসে পাহারাকালে তাঁর বাবা জসিম খান জানান, সন্তানের কবর অক্ষত রাখা এবং লাশ চুরির শঙ্কা থেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন।
মৃত আরাফাতের বাবা জসিম খানের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে দর্জির কাজ করত। কিন্তু গত বৃহস্পতিবার গরুর জন্য ঘাস সংগ্রহে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। লোকমুখে শুনেছি, বজ্রপাতে নিহত ব্যক্তিদের লাশ চুরির ঘটনা ঘটে। সেই শঙ্কা থেকেই রাতে-দিনে কবর পাহারা দিচ্ছি।
এ সময় তিনি আক্ষেপ করে বলেন, আমি বৃদ্ধ, অসুস্থ মানুষ। নিজে সবসময় পাহারায় থাকতে পারি না, সেজন্য ধার করেও লোক রেখে পাহারা দিতে হচ্ছে। অভাবে সংসারও ঠিকমতো চালাতে পারছি না, সেখানে ছেলের কবর পাহারায় প্রতিদিন বাড়তি খরচ করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা উদ্বেগ জানিয়ে বলেন, বিষয়টি অত্যন্ত মানবিক এবং হতাশাজনক। পরিবারটি যাতে মানসিক চাপ থেকে মুক্তি পায়, সেজন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কবরস্থানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।