Skip to main content

Ridge Bangla

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ডিওএইচএস বারিধারায় অবস্থিত বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের সব কেন্দ্রে শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশ বজায় থাকবে।

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আরও জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে বলেই তিনি আশাবাদী। ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভোট প্রদান শেষে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।

This post was viewed: 37

আরো পড়ুন