আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধানদের নির্বাচনের সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি থাকবে না।
প্রধান উপদেষ্টা সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, গত ১৫ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। আসন্ন নির্বাচনে তাদের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ।
তিন বাহিনীর প্রধানরা বৈঠকে জানান, নির্বাচনের জন্য বাহিনীগুলো ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের সময় মাঠে থাকবে প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং কিছুসংখ্যক বিমানবাহিনীর সদস্য। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি মোতায়েন থাকবে বলে জানানো হয়।
বৈঠকের শেষে তিন বাহিনীর প্রধানরা আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।