জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ নয়, বরং বিচার ও কার্যকর সংস্কারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের সময় নয়, আমাদের দাবি হচ্ছে আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। সঠিক প্রক্রিয়া ছাড়া নির্বাচন অর্থহীন।”
সোমবার (৭ জুলাই) রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করা হবে। তার আগে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলন হবে। সময়ের হিসাব নয়, প্রক্রিয়া ঠিক করলেই সমাধান আসবে।”
একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “এই অভ্যুত্থানকে খারিজ করা, বিপ্লবীদের হত্যার ক্ষেত্র তৈরি করা এবং মিডিয়াকে ব্যবহার করে ফ্যাসিবাদের পক্ষে জনমত তৈরি করা হচ্ছে। এসব আচরণ গণতন্ত্রবিরোধী।” তিনি জানান, ৩ আগস্ট ঢাকায় ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর স্বীকৃতি দাবিতে আবারও সমাবেশ হবে।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার ছিল এই পদযাত্রার সপ্তম দিন। এনসিপি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ১৩টি জেলা অতিক্রম করেছে দলটি। এদিন রাজশাহী থেকে যাত্রা শুরু করে বানেশ্বর, পুঠিয়া, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় পথসভা অনুষ্ঠিত হয়।