Skip to main content

Ridge Bangla

নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছেছে: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই তথ্য জানান।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তথ্য অধিদফতরের উদ্যোগে বিদেশি সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, শেরপুর-৩ ব্যতীত সব আসনে ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ পৌঁছে গেছে। রিটার্নিং অফিসারের মাধ্যমে ব্যালট পেপার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা ও অফিসারদের কাছে পাঠানো হচ্ছে। তিনি বলেন, “ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি।”

ভোট গণনা প্রসঙ্গে তিনি জানান, ভোটগ্রহণ শেষে বিকেল ৪.৩০ মিনিটে কেন্দ্রভিত্তিক ফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। এরপর রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।

এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের জন্য আলাদা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট যাচাই-বাছাইয়ের কারণে কিছু কেন্দ্রের ফলাফল প্রকাশে সময় লাগতে পারে, তবে ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না বলে আশ্বাস দেন ইসি সচিব।

তিনি আরও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়ে বলেন, “অসুবিধা থাকলেও সত্য প্রকাশ করা হবে। অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকুন।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, নির্বাচন কমিশন ও তথ্য-প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা।

This post was viewed: 44

আরো পড়ুন