আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দেশের গণতন্ত্র আজ বিপন্ন। জনগণের অধিকার হরণ করা হয়েছে। নির্বাচনের মাধ্যমেই সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান আমাদের নতুন পথ দেখিয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।
এদিন সকাল ৯টায় তিনি সিলেটে পৌঁছান। সেখানে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন। এরপর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।
সিলেটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল দলের সব স্তরের নেতাকর্মীদের আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বলেন, “দেশকে সঠিক পথে নিতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”