Skip to main content

Ridge Bangla

নির্বাচনের দিন নৌযান চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে নৌযান চলাচলের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নৌ-সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্রধারী) জন্য এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। একইসাথে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ খাতে ব্যবহৃত নৌযান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ইসি আরও জানিয়েছে, প্রধান নৌ-পথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য সরবরাহ এবং জনসাধারণ ও ভোটারদের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান ও দূরপাল্লার নৌযানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে আরও কতিপয় নৌযানের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের সিদ্ধান্ত নিতে পারবে।

This post was viewed: 38

আরো পড়ুন