আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ তার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে নির্বাচনী আচরণবিধি বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।