ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সারাদেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণ ও মনিটরিং জোরদার করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়। এতে জানানো হয় যে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আচরণবিধি লঙ্ঘন রোধে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় নির্বাচনকালীন সময় প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তারা তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ম্যাজিস্ট্রেটরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ বা অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ছাড়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগ, লজিস্টিক সহায়তা এবং সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।