সম্পর্কের জটিল ভিড়ে নিজেকে আর হারাতে চান না ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বরং তিনি এখন খুঁজছেন নিঃসঙ্গতার শান্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার সাম্প্রতিক এক আবেগঘন স্ট্যাটাসে এমন ইঙ্গিত দিয়েছেন এই প্রজন্মের প্রিয় নায়িকা।
রোববার (১৯ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, “যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”
তবে এখানেই থামেননি তিনি। পরবর্তী অংশে আরও গভীর বেদনাভরা অনুভূতি প্রকাশ করে লেখেন, “যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।”
পোস্টটির শেষ অংশে পূর্ণিমা লেখেন, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই ভক্ত ও সহকর্মীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন, পূর্ণিমার লেখার মধ্যে জীবনের বাস্তব অভিজ্ঞতা ও গভীর বোধের প্রতিফলন রয়েছে। কেউ কেউ আবার তাকে অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে প্রশংসা করেছেন।