নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কয়েকজন নেতাকর্মী ব্যানার সাঁটিয়ে স্লোগান দেন। ঘটনার সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি’, ‘নারায়ণগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি’ এবং ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ ধরনের স্লোগান দেন।
ভিডিওতে দেখা যায়, পাঁচজন যুবক ব্যানার টানার পর স্লোগান দিতে শুরু করেন। পরে আশপাশের লোকজন জড়ো হওয়ায় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দলীয় কোনো সিদ্ধান্ত নেই। তারা নিষিদ্ধ সংগঠন হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, স্লোগান দিতে গিয়ে তারা রাষ্ট্রীয় আইন অমান্য করেছেন। তাদের আইনগত বিচার হতে পারে।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি এবং কোনো ব্যানারও পাননি। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের সময় একই কার্যালয়ে দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। এরপর থেকে দীর্ঘদিন এখানে কোনো দলীয় কার্যক্রম হয়নি। বর্তমানে এই কার্যালয় জনমানবহীন ও ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে।