Skip to main content

Ridge Bangla

নাটোরে বাঁশঝাড়ের নিচে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের নিচে মাটির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে মজুত রাখা এ তেলের ঘটনায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত মো. রুবেল (৩৪) ভাটোপাড়া মহল্লার বাসিন্দা ও মো. বেল্লাল হোসেনের ছেলে। তিনি সিংড়া থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান ‘সততা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। পরে নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে তল্লাশি করে মাটির নিচে পানির ট্যাংকের ভেতরে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। সেখান থেকে প্রায় ১০ হাজার লিটার তেল জব্দ করা হয়।

অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

This post was viewed: 26

আরো পড়ুন