Ridge Bangla

নাটোরে প্রাইভেটকার চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে সড়কের পাশ থেকে সাইদুর রহমান (৪৫) নামে এক প্রাইভেটকার চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর সুগারমিলস উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের বাসিন্দা। পুলিশ ধারণা করছে, তিনি প্রাইভেটকার চালিয়ে কোথাও থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা রাতে একটি প্রাইভেটকারে রক্তের দাগ দেখতে পেয়ে সন্দেহ করেন। এরপর গাড়ির পাশে ড্রেনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে হত্যার কারণ ও কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 27

আরো পড়ুন