Ridge Bangla

নাইজেরিয়ার বাজারে সশস্ত্র হামলায় নিহত ৫০ জন

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি ব্যস্ত বাজারে সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে রোববার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু। হামলায় বহু মানুষ আহত ও অপহৃত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার রাজ্যের ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র হামলাকারীরা হঠাৎ বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি শুরু করলে হতাহতের সংখ্যা বাড়ে। হামলাকারীরা বাজারের বিভিন্ন দোকান থেকে খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায় এবং বেশ কয়েকজনকে জোরপূর্বক অপহরণ করে।

হামলায় নিহতদের মরদেহ স্থানীয়ভাবে গণদাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। এক বিবৃতিতে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়ে বলেন, “এই ধরনের সহিংসতা আমাদের জাতির স্থিতিশীলতা ও দৃঢ়তাকে চ্যালেঞ্জ করছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” একই সঙ্গে হামলার সময় অপহৃত সবাইকে দ্রুত উদ্ধার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

এর আগে গত বছরের ২১ নভেম্বর নাইজার রাজ্যের আগওয়ারা এলাকায় একটি স্কুল থেকে ৩১৫ জনকে অপহরণ করেছিল বন্দুকধারীরা। ওই ঘটনায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হলে ফেডারেল সরকারের উদ্যোগে বহু শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়।

This post was viewed: 25

আরো পড়ুন