নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী আমেনা নামে এক তরুণীকে তার বাবার সামনে থেকে অপহরণ করে ছয় যুবক। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আমেনা মাধবদীর বিল পাড়ে ভাড়া থাকতেন এবং তাদের গ্রামের বাড়ি বরিশালে। আমেনার বাবা মো. আশরাফ জানান, বুধবার রাত ৮টার দিকে মেয়েকে খালার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি। বরইতলা রাস্তায় পৌঁছালে নূরা নামে একজনসহ ছয় যুবক তাদের গতিরোধ করে এবং জোরপূর্বক আমেনাকে তুলে নিয়ে যায়। রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
তিনি জানান, ১৫ দিন আগে পাঁচজন মিলে তরুণীকে ধর্ষণে করেছিল। পরে স্থানীয় আহম্মেদ মেম্বার বিষয়টি মীমাংসা করেছিলেন। আগের রাতে মেম্বার আশ্বাস দিয়েছিলেন, তিনি তাকে খুঁজে বের করবেন। কিন্তু সকালে তার লাশ পাওয়া যায়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে সকাল ৯টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় যুবক নুরার সঙ্গে আমেনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ১০–১২ দিন আগে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। স্থানীয় মেম্বারের মাধ্যমে তখন বিষয়টি মীমাংসা হয়েছিল। শনিবার রাতে নুরা তরুণীকে জোরপূর্বক বাবার কাছ থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটায়। পুলিশ ঘটনার সকল দিক তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে।