Ridge Bangla

নববর্ষ সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি: তারেক রহমান

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নববর্ষ কেবল একটি উৎসব নয়; এটি সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক চেতনার প্রতিচ্ছবি। বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি নতুন বছরে সবার জন্য আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

বাণীতে তারেক রহমান বলেন, নববর্ষ পুরনো বছরের গ্লানি মুছে নতুন আশা, স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। ১ জানুয়ারি এখন একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন জাতি নিজ নিজ সাংস্কৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই উৎসবের আনন্দে শামিল হচ্ছে। এই নববর্ষ বিশ্বব্যাপী মানুষের জীবনে নতুন প্রাণের সঞ্চার করে।

তিনি বলেন, নতুন বছরে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এমন একটি রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি, যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা থাকবে সমান এবং প্রত্যেকের কণ্ঠ হবে স্বাধীন। গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই হওয়া উচিত আমাদের সম্মিলিত লক্ষ্য। গত বছরের স্মৃতি স্মরণ করে তারেক রহমান বলেন, অর্জন ও সাফল্যের পাশাপাশি বেদনাদায়ক অভিজ্ঞতা ও প্রিয়জন হারানোর কষ্ট আমাদের আবেগতাড়িত করেছে। নতুন বছরে সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

This post was viewed: 28

আরো পড়ুন