যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হবে বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।
তিনি বলেন, “আমেরিকানরা যদি আবারও ইহুদিবাদীদের প্রতারণার ফাঁদে পা দেয় অথবা তাদের সঙ্গে সমন্বয় করে, বিশেষ করে বিমান হামলার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এই সংঘাত ভৌগোলিকভাবে আরও বিস্তৃত হবে।”
মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেন, চলমান যুদ্ধ ইতোমধ্যেই লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে তিনি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “আমাদের অভিযানের পরিধি এখন পুরো অঞ্চলজুড়ে বিস্তৃত হয়েছে। এর মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে শুরু করে পারস্য উপসাগরীয় দেশগুলোও রয়েছে।”
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানকে “কঠিন ও অস্থিতিশীল” বলে মন্তব্য করেন ইরানের এই সেনা কর্মকর্তা। তাঁর দাবি, ওয়াশিংটন এখন নতুন কৌশল খুঁজছে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “যেকোনো সম্ভাব্য পরিস্থিতি ও বিকল্প মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।”