Skip to main content

Ridge Bangla

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে প্রায় ৯০ শতাংশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। জাতীয় বেতন কমিশনের নবম পে স্কেলের সুপারিশমালা প্রায় চূড়ান্ত হয়েছে, যেখানে গ্রেডভেদে মূল বেতন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমান ১৬ গ্রেডের কাঠামো অপরিবর্তিত রেখেই এই বেতন বৃদ্ধি কার্যকর করার সুপারিশ করছে কমিশন।

কমিশন সূত্র জানায়, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং আগামী সপ্তাহে তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এরপর অর্থ মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে সিদ্ধান্ত কার্যকর হওয়ার পথ খুলবে। নবম পে স্কেল প্রণয়নের প্রাথমিক পর্যায়ে গ্রেড সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা থাকলেও দীর্ঘ পর্যালোচনা ও বিশ্লেষণের পর কমিশন বিদ্যমান ১৬ গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

চূড়ান্ত সুপারিশ অনুযায়ী, নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৃদ্ধির ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সুফল পাবেন। এতে জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় এসব স্তরের কর্মীদের সক্ষমতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুপারিশমালায় শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দীর্ঘদিনের দাবি ছিল। পাশাপাশি বিভিন্ন ভাতা, সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক আর্থিক সুবিধা পুনর্বিবেচনার বিষয়েও মত দিয়েছে কমিশন।

This post was viewed: 54

আরো পড়ুন