নতুন সরকারি বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে যাচ্ছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ১৩তম গ্রেডে থাকা প্রাথমিক শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা বিদ্যমান বেতনের তুলনায় দ্বিগুণেরও বেশি।
বেতন কমিশনের সুপারিশে বলা হয়েছে, নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর আওতায় প্রাথমিক শিক্ষকরাও বড় সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বেতন বৃদ্ধির পাশাপাশি টিফিন ভাতা, অন্যান্য ভাতা ও সুযোগ-ুবিধা বাড়ানোর সুপারিশ করেছে কমিশন। এতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা। তিনি বলেন, কমিশন নির্ধারিত সময়ের আগেই তাদের কাজ শেষ করেছে। এখন সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সরকার একটি বিশেষ কমিটি গঠন করবে।