Skip to main content

Ridge Bangla

নতুন চমক ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’। ইতোমধ্যে বিশ্বব্যাপী সমালোচক ও সাংবাদিকদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রটি ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে, আর সমালোচকদের প্রথম প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে এই নতুন অ্যাভাটার আবারও বিশ্বব্যাপী ঝড় তুলতে প্রস্তুত।

সমালোচক কোর্টনি হাওয়ার্ড চলচ্চিত্রটি দেখে বলেছেন, “অ্যাভাটার ৩ মনে করিয়ে দেয় কেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা জরুরি। সিরিজের নতুন কিস্তিটি আগের কিছুর পুনরাবৃত্তি নয়, বরং একদম নতুন এক অনুভূতি। জেমস ক্যামেরনের কাজ এখনও দুর্দান্ত ও অভূতপূর্ব।”

শান তাজিপুর তাঁর মতামতে জানান, “‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির প্রতিটি দৃশ্যে ক্যামেরন মুগ্ধতা ছড়িয়েছেন। ভিজ্যুয়াল ফিনিশ ও কাহিনির গভীরতা অপূর্ব।” কলাইডার-এর পেরি নেমিরফ লিখেছেন, “সিনেমাটি দেখে প্যানডোরার জগতে আবারও ঢুকে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে। এটি দর্শকদের সম্পূর্ণভাবে অন্য জগতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।”

ফিল্ম লেখক মাইকেল লি কিছুটা ভিন্ন মত দিয়ে বলেছেন, “গল্প কিছুটা কম আকর্ষণীয় মনে হলেও ভিজ্যুয়াল ইফেক্ট ও অ্যাকশন দৃশ্য অবিশ্বাস্য রকমের ভালো হয়েছে। নতুন উপজাতি ও প্যানডোরার গভীর অনুসন্ধান সিনেমাটিকে আরও সমৃদ্ধ করেছে।”

নতুন সিনেমাটি আগের পর্বের ধারাবাহিকতায় তৈরি। এতে দেখা যাবে সুল্লি পরিবার তাদের সন্তান নেটেয়ামের মৃত্যুশোক করতে করতে কীভাবে নতুন এক বিপদের মুখোমুখি হয়, যা আসে আগুন উপজাতির মাধ্যমে। সিনেমাটির প্রধান চরিত্রে আছেন স্যাম ওয়ার্থিংটন, জো সালদানা, সিগুর্নি উইভার, স্টিফেন ল্যাং এবং কেট উইন্সলেট।

জেমস ক্যামেরন জানিয়েছেন, এই সিনেমার ব্যবসায়িক সাফল্যের ওপরই নির্ভর করছে অ্যাভাটার সিরিজের ভবিষ্যৎ। উল্লেখ্য, প্রথম ‘অ্যাভাটার’ সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। দ্বিতীয় কিস্তিটি ভালো আয় করলেও প্রথমটির রেকর্ড ভাঙতে পারেনি। এখন ক্যামেরন ও নির্মাতারা প্রত্যাশা করছেন, তৃতীয় কিস্তি দিয়ে তারা আবারও বাজিমাত করবেন।

This post was viewed: 80

আরো পড়ুন