Skip to main content

Ridge Bangla

নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেল ৫টা ৮ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার সূচনা ঘোষণা করেন। এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে স্টেডিয়ামে পৌঁছান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খুদে ক্রীড়াবিদদের মনোমুগ্ধকর পরিবেশনা, পূর্ণ গ্যালারি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়াম থেকেও ভার্চুয়ালি যুক্ত হয় অংশগ্রহণকারীরা।

‘নতুন কুঁড়ি’ মূলত ১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের একটি জনপ্রিয় উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল। দীর্ঘদিন পর সেটি নতুন আঙ্গিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হিসেবে ফিরে এলো। সরকারের এই উদ্যোগের লক্ষ্য দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় ৩২ জন ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন, যারা এই আয়োজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। জানা গেছে, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট- এই আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, বিভাগীয় এবং শেষে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা গড়াবে।

আগামী ১৩ থেকে ২২ মে’র মধ্যে আঞ্চলিক পর্ব শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

This post was viewed: 46

আরো পড়ুন