কক্সবাজারের টেকনাফে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে গুলির ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ এলোপাতাড়ি গুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় একটি ডাম্পার গাড়িতে করে ধানের শীষের প্রচারণা চলছিল। গাড়িতে গান-বাজনা ও নাচের আয়োজন থাকায় আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। ঠিক সেই সময় অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত পাশ থেকে প্রচার গাড়ি ও জনসমাগমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, ধানের শীষ প্রতীকের একটি প্রচার ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম তৈরি হয়। এ সুযোগে দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।