দক্ষিণ আফ্রিকায় দুষ্কৃতিকারীদের অতর্কিত গুলিবর্ষণে আবু নাসের শামীম (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক প্রবাসী নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বারাখওয়ানাত এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শামীম দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা ওই এলাকার মৃত আব্দুল রশিদ। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও চার পুত্রসন্তানের জনক ছিলেন।
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন গণমাধ্যমকে এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে শামীম তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।