Skip to main content

Ridge Bangla

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মিটফোর্ড হত্যার বিচার হবে: আসিফ নজরুল

মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, “মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।”

তিনি আরও বলেন, “এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

আসিফ নজরুল আরও বলেন, “এ ধরনের জঘন্য ও প্রকাশ্য হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ এবং দ্রুতগতিতে সম্পন্ন করা হবে, যেন সমাজে একটি শক্ত বার্তা দেওয়া যায়।”

উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদার দাবিতে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার জন্ম দেয়।

This post was viewed: 42

আরো পড়ুন