Skip to main content

Ridge Bangla

দ্বিতীয়বার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর বিজয়ীর মুকুট উঠল মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউসে জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরার মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

এটি মিথিলার জন্য দ্বিতীয়বারের মুকুট। এর আগে ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশ নিয়ে খেতাব জিতেছিলেন তিনি। তবে করোনা পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি। এবার মিথিলা ৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতা হবে আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককের মঞ্চে।

বিজয়ী হওয়ার পর মিথিলা নিজের জয় উৎসর্গ করেন তার মাকে। তিনি বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।” আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে তিনি আরও বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন গুণী শিল্পী, মডেল ও সাংবাদিকরা। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত করা হয়। মিথিলার এই জয়ের মধ্য দিয়ে আবারও বাংলাদেশি সৌন্দর্য আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়াবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 55

আরো পড়ুন