Ridge Bangla

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

দেশে গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে নির্বাচনই একমাত্র কার্যকর পথ এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়ার্টার গার্ডেনে এফএসডিএস আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। ঘোষিত সময় অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে একটি গ্রহণযোগ্য সংসদ গঠিত হবে। সেই সংসদই দেশের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তিনি আজ যে বক্তব্য দিয়েছেন, তা অনেকে গ্রহণযোগ্য মনে করলেও ভিন্নমত থাকতেই পারে। সবাই যে একই মত পোষণ করবেন তা স্বাভাবিক নয়। তিনি বলেন, রাষ্ট্রের মালিকানায় জনগণই মুখ্য, আর তাদের প্রতিনিধিত্ব করবে এমন লোক বাছাইয়ের প্রক্রিয়া হওয়া উচিত একেবারে স্বচ্ছ ও গ্রহণযোগ্য।

গণতন্ত্রের চর্চা প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছেন। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ফখরুল বলেন, এ ব্যবস্থা সাধারণ মানুষের কাছে এখনো বোধগম্য নয়। শুধু আলোচনায় বসে চাপিয়ে দিলে তা কার্যকর হবে না। তিনি আরও জানান, নির্বাচনের পর ফ্যাসিস্টবিরোধী দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব বিএনপি দিয়েছে যা দেশের রাজনৈতিক ঐক্যের পথ সুগম করবে।

This post was viewed: 43

আরো পড়ুন