চলতি মৌসুমে দেশে আমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আম উৎপাদন ২৭ লাখ টন ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট চাষি ও কৃষি কর্মকর্তারা। গত বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৬ লাখ ৬৬ হাজার টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ২ লাখ ৪ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আবহাওয়া সহায়ক থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান আম উৎপাদনকারী জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা ও দিনাজপুর এগিয়ে রয়েছে।
ডিএই’র ‘রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’-এর পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদন রেকর্ড পরিমাণে পৌঁছাতে পারে। আগামী মাস থেকে আম সংগ্রহ শুরু হয়ে অক্টোবর পর্যন্ত চলবে।
রফতানিতেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। গত বছর ৩৮টি দেশে ২ হাজার ১৯৪ টন আম রফতানি করে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এবার তা ৩ হাজার টন ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। নতুন করে মালয়েশিয়া ও জাপানের বাজারেও প্রবেশের সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশের ফজলি, আম্রপালি, গোপালভোগ, হাঁড়িভাঙ্গা ও ক্ষীরসাপাতি জাতের আম যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।