Skip to main content

Ridge Bangla

দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

দেশের বাজারে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। এবার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি খোলা পাম তেলের দামও সমন্বয় করা হয়েছে। নতুন এ দাম আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল পরিশোধনকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে এক বৈঠকের পর নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার কারণে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্থানীয় বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকার পরিবর্তে এখন থেকে ১৯৫ টাকায় বিক্রি হবে। খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৭ টাকা। এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৩ টাকা।

This post was viewed: 109

আরো পড়ুন