Ridge Bangla

দেশের চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এক লাখ টন অকটেন কিনছে বিপিসি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশীয় চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এক লাখ টন অকটেন (গ্যাসোলিন ৯৫) কিনতে যাচ্ছে। গত ২৩ মার্চ রাতে অনুষ্ঠিত ১০২৩তম বোর্ড সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে এবং তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

দুবাইভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ ফেজকো প্ল্যাটস আরব গালফের বাজারদর থেকে ৫ শতাংশ ছাড়ে অকটেন সরবরাহের প্রস্তাব দিয়েছে। ২৩ মার্চের প্ল্যাটস দর অনুযায়ী প্রতি ব্যারেল অকটেনের দাম ১৬৩.৭১ ডলার। এক লাখ টন (৮ লাখ ৬০ হাজার ব্যারেল) অকটেনের জন্য ১৩ কোটি ৩৭ লাখ ৫১ হাজার ৭০ ডলার বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১ হাজার ৬৪৩ কোটি টাকা। সব ঠিক থাকলে প্রথম চালান এপ্রিলেই দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিপিসির তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত অকটেনের মজুত ছিল ১২,৫০০ টন। ডেডস্টক বাদ দিলে সরবরাহযোগ্য মজুত ছিল ১১,২৫০ টন। চলতি মাসের প্রথম ২৩ দিনে বিক্রি হয়েছে ২৮,৯৩৯ টন। গড়ে দিনে ১,২৫৮ টন ব্যবহার অনুযায়ী বর্তমান মজুত মাত্র ৯ দিনের সরবরাহযোগ্য।

দেশি ফ্রাকশনেশন প্ল্যান্ট থেকে মাসে গড়ে ২১,৯৯৭ টন অকটেন উৎপাদন হয়। তবে মার্চ-এপ্রিল মাসে শুধু ৩৫ হাজার টন পাওয়া গিয়েছিল। বিপিসির এক কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহকারী আগের পার্সেল দিতে সম্মত হলেও পরবর্তী সময়ে অস্বীকৃতি জানিয়েছে। তাই দেশের চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে জরুরি ভিত্তিতে অকটেন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 11

আরো পড়ুন