দেশজুড়ে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধির ফলে আগামী চার দিন দেশে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় এবং অন্যান্য অংশে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।
প্রতিদিনের পূর্বাভাসে যা বলা হয়েছে
● মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশিরভাগ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগে কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
● মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহীতে কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
● বুধবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: দেশের প্রায় সব বিভাগেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
● বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুরে দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে।
● শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায়, আর ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহীতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। ফলে নদ-নদীর পানি বাড়া, জলাবদ্ধতা এবং বন্যার শঙ্কা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।