Skip to main content

Ridge Bangla

দেবীগঞ্জে চা বাগানে উপড়ে ফেলা হলো তিন হাজার গাছ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে একটি চা বাগানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিকল্পিতভাবে প্রায় তিন হাজার ফলনশীল চা গাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র চা বাগান মালিক এক নারী উদ্যোক্তা।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী মোছা. আছমা আক্তার দেবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার গভীর রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের খয়েরবাগান সংলগ্ন চরতিস্তা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, আছমা আক্তারের সঙ্গে একই এলাকার মো. ফরিদুল ইসলাম ও মো. ইউসুফ আলী গংদের প্রায় ১ একর ১৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে ফরিদুল ও ইউসুফ আলীর নেতৃত্বে ১৫–২০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আছমা আক্তারের ভোগদখলীয় প্রায় ৫০ শতক জমিতে প্রবেশ করে চা বাগান ধ্বংস করে দেয়। বাধা দিলে ভুক্তভোগী ও তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আছমা আক্তার জানান, প্রায় ২০ বছর ধরে ক্রয়সূত্রে জমিটি ভোগদখলে রয়েছে। ২০১৮ সালে চায়ের চারা রোপণ করে তিনি বাগান গড়ে তোলেন, যা থেকেই পরিবারের জীবিকা নির্বাহ হতো। হামলায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন। দেবীগঞ্জ উপজেলা ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির আহ্বায়ক আবুল বাশার বসুনিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

This post was viewed: 49

আরো পড়ুন