Ridge Bangla

দুবাই থেকে আসছে বিপিএলের ‘হীরাখচিত’ ট্রফি

বিপিএলের দ্বাদশ আসরের অর্ধেকের বেশি ম্যাচ শেষ হলেও এতদিন ট্রফি দেখা যায়নি। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার দুবাই থেকে ঢাকায় আসছে বিপিএলের ট্রফি। এবারের ট্রফি আগের সব আসরের চেয়ে আলাদা। প্রথমবারের মতো হীরাখচিত ট্রফি তৈরি করা হয়েছে। দুবাইতে বিশেষ অর্ডারে বানানো এই ট্রফির মূল মূল্য ২২ হাজার ডলার (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা)। শিপিং ও কাস্টমসসহ মোট খরচ দাঁড়াচ্ছে প্রায় ৩২ লাখ টাকা, যা বহন করছে বিসিবি।

আসরের ২৬টি ম্যাচ শেষ হলেও ট্রফি না থাকায় সমালোচনা হয়। বিসিবি জানায়, টুর্নামেন্ট শুরুর আগে আনা ট্রফিটি মানসম্মত না হওয়ায় বাতিল করা হয় এবং নতুন ট্রফি দুবাই থেকে অর্ডার দেওয়া হয়।

এ বিষয়ে বিপিএলের উদ্বোধনী দিনে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেছিলেন, ‘প্রথমে যে ট্রফিটা আনা হয়েছিল, সেটা ছিল গতানুগতিক। আমরা চেয়েছি পরিবর্তন আনতে। আগের ট্রফি পছন্দ না হওয়ায় নতুন করে অর্ডার দেওয়ায় কিছুটা দেরি হয়েছে। তবে আশা করছি, এটি এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি হবে।’

This post was viewed: 33

আরো পড়ুন