Ridge Bangla

দুপুরের মধ্যে তিনটি অঞ্চলে ঘণ্টায় ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তিনটি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলেও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন