Skip to main content

Ridge Bangla

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় হানিফ পরিবহনের মালিক মো. হানিফ মিয়াকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৪ এপ্রিল দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা করেন কমিশনের উপপরিচালক আবু বকর সিদ্দিক। মামলায় অভিযোগ করা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হানিফ মিয়া নিজের নামে প্রায় ৪ কোটি ৪ লাখ টাকার সম্পদ অর্জন করেন, যার মধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকার উৎস সম্পর্কে তিনি কোনো উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে ২০২০ সালের ২৯ নভেম্বর হানিফ মিয়াকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দেননি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এরপর ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত শেষে দুদকের আরেক উপপরিচালক মো. ইব্রাহিম অভিযোগপত্র দাখিল করেন। তবে বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়। বিচারক রায়ে বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় হানিফ মিয়াকে মামলা থেকে খালাস দেওয়া হলো।

This post was viewed: 43

আরো পড়ুন