দীর্ঘ প্রায় ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি শ্বশুরবাড়ি সিলেটে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিনই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সিলেটি জামাই বরণে শহরজুড়ে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাকে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে এই কর্মসূচি সম্পন্ন হবে। বৃহৎ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
সিলেট মহানগর, জেলা ও বিভাগের বিভিন্ন ইউনিট মাঠ সাজানো, মঞ্চ নির্মাণ, পোস্টার-ব্যানার ও প্রচার কার্যক্রমে ব্যস্ত রয়েছে। আয়োজকরা আশা করছেন, সিলেট বিভাগের চার জেলা থেকে লাখো মানুষ এতে অংশ নেবে।
সিলেট সফরের দিন সকালে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখার পাশাপাশি একই দিন হবিগঞ্জেও একটি সভায় অংশ নেবেন।
সিলেট জেলা যুবদল ও মহানগর বিএনপি জানিয়েছে, দীর্ঘদিন পর নির্বাচনী প্রচার শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ সফরকে দল কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় নেতা মিফতাহ সিদ্দিকী বলেন, শ্বশুরবাড়ি এলাকায় দীর্ঘ ২২ বছর পর আসা এই সফর সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।