দীর্ঘ ১৯ বছর পর ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে প্রথম ধাপে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পিএসসির গত ৫ নভেম্বরের সুপারিশ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে প্রয়োজন অনুযায়ী পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
নিয়োগপ্রাপ্তরা দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে সরকার এই শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তাকে চাকরির জন্য অনুপযোগী মনে হলে কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিধান রাখা হয়েছে।
প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্থায়ী করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের আগে নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। বন্ড অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে চাকরি ছাড়লে প্রশিক্ষণকালীন সব ব্যয় সরকারকে ফেরত দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে নিয়োগ আদেশ ভূতাপেক্ষিকভাবে কার্যকর হলেও কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা প্রদান করা হবে না।