Ridge Bangla

দায়িত্বরত আনসার সদস্যের গুলিতে সহকর্মী নিহত

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় দায়িত্ব পালনকালে সহকর্মীর ছোড়া গুলিতে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম বজেন্দ্র বিশ্বাস (৪০)। ঘটনার পরপরই অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। নিহত বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে নোমান মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকায়। দুজনই ওই কারখানার নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন।

কারখানার দায়িত্বরত একাধিক আনসার সদস্য ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসঙ্গে একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় নোমানের হাতে থাকা শটগান থেকে ছোড়া গুলিতে বজেন্দ্রের বাম উরুতে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার আগে তাদের মধ্যে প্রকাশ্য কোনো ঝগড়া বা উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়নি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও রাতের দিকে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন