Skip to main content

Ridge Bangla

দক্ষ ও অদক্ষ কর্মী নেবে ইরাক, সহযোগিতা বাড়াতে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ থেকে দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে গভীর আগ্রহ জানিয়েছে ইরাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৩ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী যৌথ কমিটির বৈঠকে দেশটি এই আগ্রহের কথা জানায়।

বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, ইরাকে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং নতুন করে কর্মী প্রেরণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শেষে উভয় পক্ষের মধ্যে একটি ‘রেকর্ড অব ডিসকাশন’ স্বাক্ষরিত হয় এবং বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।

চুক্তি অনুযায়ী, ইরাক সরকার বাংলাদেশিদের বিভিন্ন সেক্টরে কর্মী ভিসা প্রদানের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া চালু করবে। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে ইরাকি নিয়োগকর্তাদের পাঠানো চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাস কর্তৃক যাচাই ও সত্যায়ন করে তবেই কর্মী নিয়োগ দেওয়া হবে।

এছাড়া, ইরাকে যাত্রার আগে প্রত্যেক কর্মীকে সেখানে কর্মসংস্থান চুক্তিতে স্বাক্ষর করতে হবে। ইরাকের কোন কোন খাতে শ্রমিকের চাহিদা রয়েছে, সে বিষয়ে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ইরাকে কর্মরত অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণের বিষয়ে ইরাকি প্রতিনিধি দল ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরাক সরকারের কাছে সাধারণ ক্ষমার আওতায় তাদের নিয়মিত করার জন্য অনুরোধপত্র পাঠাবে।

উভয় দেশের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ প্রক্রিয়া আরও সহজ করতে যৌথ কমিটি প্রতিবছর অন্তত একবার বৈঠকে বসবে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে দেশটির মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আবদুর রেজা খাইয়ুন আত-ওয়ানি স্বাক্ষর করেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ার উল্যা ভূঁইয়া উপস্থিত ছিলেন। এর আগে, ইরাকি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

This post was viewed: 64

আরো পড়ুন