রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিমকার্ড ও ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১। এসব সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি এই অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ জুন) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি)-এর কারিগরি সহায়তায় দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার শহীদ লতিফ রোডের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে আটক হন নজরুল ইসলাম (৩৮), যিনি দীর্ঘ ছয় মাস ধরে ওই বাড়িতে বসবাস করে অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করছিলেন।
র্যাব জানিয়েছে, নজরুল সফটওয়্যার নির্ভর পদ্ধতি ব্যবহার করে অবৈধভাবে সার্ভার স্থাপন করেন এবং প্রতিদিন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ আন্তর্জাতিক কল বাংলাদেশে আনতেন। এসব কল দেশের বৈধ টেলিকম অবকাঠামোকে পাশ কাটিয়ে সরাসরি ভিওআইপি ব্যবস্থার মাধ্যমে রাউট করা হতো, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হতো।
এই অভিযানে উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে: ৯টি ১২৮ পোর্টের সিমবক্স, ৫টি ২৫৬ পোর্টের সিমবক্স, ৯টি ৫১২ পোর্টের সিমবক্স, ১টি ল্যাপটপ ও ১টি নোটপ্যাড, ২টি মোবাইল ফোন, ২টি ৮ পোর্টের টিপি-লিংক সুইচ, ৩টি রাউটার এবং মোট ২১,৩৯০টি মোবাইল সিমকার্ড।
র্যাব-১ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই অবৈধ কার্যক্রম দেশের টেলিযোগাযোগ নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি। ভিওআইপি চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৬০০টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে এক হাজারের বেশি অভিযুক্তকে। সরকারের নির্দেশনায় বিটিআরসি ও অন্যান্য সংস্থার সমন্বয়ে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।