Ridge Bangla

ত্রিশের বেশি মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

বরিশালে ত্রিশটির বেশি মামলার আসামি আকাশ হাওলাদার মাসুদ ওরফে কালা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালা মাসুদ ওই এলাকার এনায়েত হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম।

তিনি জানান, কালা মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। তিনি ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন আইনে ত্রিশটির বেশি মামলা রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন কালা মাসুদ। সম্প্রতি তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আরেকটি মামলা হয়। ওই মামলার সূত্র ধরে বুধবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের দুটি দল অভিযান চালায়।

এর মধ্যে একটি দল চরমোনাই এলাকায় তার বাড়ির আশপাশে অবস্থান নেয়। পরে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বাড়িতে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় তার বসতঘরের টিনের চালায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড ও পাইপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালা মাসুদকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

This post was viewed: 7

আরো পড়ুন