Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও ভোটারদের সুরক্ষা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে রাজধানীসহ তিন জেলায় মাঠে নামবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ঢাকা সেক্টরের আওতাধীন পাঁচ ব্যাটালিয়নের বিভিন্ন এলাকায় মোট ৩৮ প্লাটুন মোতায়েন করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান। তিনি জানান, মোতায়েনকৃত ৩৮ প্লাটুনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুটি আসনে ছয় প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে আট প্লাটুন দায়িত্ব পালন করবে।

বিজিবি জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে। এ ছাড়া বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনে এবার বডি-ওয়ার্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি ও আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদর দপ্তরে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশে নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে। সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি সরাসরি প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

This post was viewed: 32

আরো পড়ুন