Ridge Bangla

তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও রেলস্টেশনের আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি কোচে হঠাৎ আগুন দেখা দেয়। কে বা কারা এ অগ্নিসংযোগ করেছে, তা এখনও জানা যায়নি। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওসি আরও বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই আমাদের টহল টিম সেখানে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগি থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালান, পরে ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর রেলওয়ে পুলিশ ট্রেনটির আশপাশ ঘিরে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আগুন দেওয়া হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বগিটির সামনের অংশ কিছুটা পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর এই ধরনের অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

This post was viewed: 31

আরো পড়ুন